কৃষ্ণচূড়া ফুটে আছে গাছে,
জ্বলন্ত আগুন পাখী সেজে
বাতাসে দুহাত তুলে নাচে।
চোখে তার স্বপ্নের হাতছানি-
দিগন্তের বুকে এঁকে দিতে চায়
হঠাৎ আলোর ঝলসানি।
পৃথিবীর এই জমাট কঠিন বুকে
খুঁজে নেওয়া
রং রূপ আলো,
সব কিছু দূরে ফেলে দিয়ে
উজ্বল ঘোষণা তার
জ্বালো রে আঁধারে দীপ জ্বালো।
ছেঁড়া কাঁথা কাদামাখা ছিন্ন দুঃখ সব
গলিত শবের মত মাছিভরা কুষ্ঠের কলরব।
সরিয়ে ক্লেদের রাশি আকাশে নিশান তোলে,
খুঁজে আনে নতুন সকাল-
ফুটন্ত সূর্যের ভোর ছিঁড়ে এনে
বুকের রক্ত দিয়ে নতুনের আলপনা আঁকে,
শুনি ধীর বাতাসেতে
নবীনের পদধ্বনি,
দিগন্ত রেখায় দেখি মন্দ্রিত শুধু লালে লাল।


0 মন্তব্যসমূহ